বিশেষ  সংবাদদাতা:

 

ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।
সোমবার (১০ আগস্ট) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি জুঁই বলেন, শিশুকে ভালোবাসা দিয়ে বড় করলে সে ভালোবাসা শিখবে, আর রুক্ষ পরিবেশে বড় হলে তার আচরণেও রুক্ষতা প্রকাশ পাবে। শিক্ষকরা সমাজের আলো; তাই রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি প্রযুক্তির অপব্যবহার, মাদক ও ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ড, বিতর্ক ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা আব্দুল হালিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।