বিশেষ সংবাদদাতা:

পিরোজপুর পৌরসভায় গরম শুরুর আগেই তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। নদী-খালবেষ্টিত জেলা হলেও দীর্ঘদিন ধরে পৌরবাসী পানির অভাবে ভুগছে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় উৎপাদন কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লাখ লিটারে, যেখানে প্রয়োজন প্রায় ৯ লাখ লিটার। ফলে দিনে নির্ধারিত দুইবার পানি দেওয়ার সময়ও কমে এসেছে।

পানির অভাবে অনেক ভাড়াটিয়া এলাকা ছাড়ছেন বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। কেউ কেউ লাইন নিয়ে পানি না পাওয়ায় সংযোগও বন্ধ করে দিয়েছেন। ট্রিটমেন্ট প্লান্ট কর্মীরা জানিয়েছেন—পুরনো চিকন পাইপলাইন ও পুকুর খনন না হওয়াই সংকট বাড়ার অন্যতম কারণ।

তবে পিরোজপুর পৌরসভার পানি ও পয় নিস্কাশন বিভাগ এর সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান জানান, শুরুতে পিরোজপুর পৌরসভার পানির গ্রাহক ছিল ৫ শতাধিক কিন্তু বর্তমানে গ্রাহক সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে এ মৌসুমে নদী, খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানির সরবারাহ কমে যায়। ফলে দেখা দেয় পানির সংকট। ফলে পানি সমস্যার সমাধানে নেয়া হয়েছে উদ্যোগ। চলছে নতুন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রোজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া। এটি বাস্তবায়ন হলে আশা করি পানির সমস্যা সমাধান হবে। তবে এটি বাস্তবায়ন সময় সাপেক্ষ এবং অর্থ বরাদ্দের ও একটি বিষয় রয়েছে।

পিরোজপুর পৌর সভার প্রায় দুই লক্ষ বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় ৯ লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে। আর উৎপাদন হচ্ছে মাত্র তিন লক্ষ লিটার পানি।