বিশেষ সংবাদদাতা :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ননী (৪২), উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের প্রমানন্দের ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে নাজিরপুর থানার সাব-ইন্সপেক্টর সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ গ্রাম নৈলতলা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দণ্ডিত হওয়ার পর থেকেই ননী পলাতক ছিলেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।