বিশেষ সংবাদদাতা:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাত বাহাদুর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির মালিককে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। সংঘর্ষে এক ডাকাত গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাতের নাম দুলাল রাড়ী (২৬)। তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার বিশোর গ্রামের মজিবর রাড়ীর ছেলে বলে জানা গেছে।
এদিকে গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাত বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
জানা গেছে, উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছিল। তবে পরিবারের প্রতিরোধের মুখে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পরই ওই ডাকাত মারা যান। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

